গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনে (জিসিসি) বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কীট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নগর ভবন সভাকক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার। সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জিসিসির সচিব মুহাম্মদ সানিউল কাদের, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: সোহেল রানা, প্রধান কল্যাণ কর্মকর্তা মুসফিকা হাসনীন চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মাদ রহমত উল্লাহ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, নগর পরিকল্পনাবিদ মো: মইনুল ইসলাম।
সিটি করপোরেশনের ৩টি নগর মাতৃসদন, ৭টি নগর স্বাস্থ্য কেন্দ্র ও আলো ক্লিনিকে বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ এসব কীট বিতরণ করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য অনুষ্ঠানে অনুরোধ জানানো হয়েছে।
