গাজীপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি : হারিয়ে যেতে বসা বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে নতুন প্রজন্মের মাঝে ফিরিয়ে আনা এবং তরুণদের খেলাধূলার সঙ্গে সম্পৃক্ত করে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যে গাজীপুরে শুরু হয়েছে ‘প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ (অনূর্ধ্ব-২০)।

জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মোঃ হান্নান মিয়া হান্নু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ মো. শিবলি সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোজাম্মেল হোসেন রেজাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উদ্বোধনী ম্যাচে কাপাসিয়া থানা দল ও জয়দেবপুর থানা দল অংশ নেয়। এ সময় শহীদ বরকত স্টেডিয়ামজুড়ে খেলোয়াড়, পুলিশ কর্মকর্তা, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে শুধু খেলোয়াড় তৈরি নয়, তরুণদের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা এবং সমাজে ইতিবাচক ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যও রয়েছে। মাঠে তরুণদের উপস্থিতি বাড়লে তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তুলতেও সহায়ক হবে এ ধরনের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)