সরকার উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী

গাজীপুর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চতর ডিগ্রিধারী তরুনদের কর্মসংস্থান বৃদ্ধি ও গবেষণার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার পরিকল্পনা গ্রহন করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালনা ও গবেষণার জন্য বাজেট বাড়ানো হয়েছে।

রবিবার দুপুরে গাজীপুরের বোর্ডবাজারে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র (আইইউটি) ৩৮তম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান।

আইইউটি-র উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, আইইউটির উপ-উপাচার্য ড. হোসেন আরাবি নূর-ও উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করার ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটি মুসলিম উম্মাহ ও বৃহত্তর বিশ্বের অগ্রগতির লক্ষ্যে প্রভাবশালী গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি গ্র্যাজুয়েটদের স্মরণ করিয়ে দেন যে, তাদের এই ডিগ্রি সমাজের প্রতি সততা, পেশাদারিত্ব ও সহমর্মিতার সাথে সেবা করার একটি দায়িত্বও বটে।

সমাবর্তনের প্রধান অতিথি গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান। একই সঙ্গে তাদের কৌতূহলী মনোভাব বজায় রাখা, উচ্চশিক্ষা গ্রহণ এবং সততা ও নিষ্ঠার সঙ্গে বাংলাদেশ ও বৃহত্তর মুসলিম উম্মাহর সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

ওআইসি-র মহাসচিব ও আইইউটি-র চ্যান্সেলর ইসমাইল ওল্ড শেখ আহমেদ তাঁর বার্তায় নৈতিক নেতৃত্ব এবং অর্জিত জ্ঞানকে ব্যবহারিক সমাধানে রূপান্তর করার সক্ষমতা সম্পন্ন গ্র্যাজুয়েট গড়ে তোলার জন্য আইইউটি-র প্রশংসা করেন এবং অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

সমাবর্তনে ওআইসির ১৬টি সদস্য দেশের মোট ৬৫৯ জন গ্র্যাজুয়েট ডিগ্রি গ্রহণ করেন। তাদের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৫৫ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ১৪৯ জন, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ১৪৭ জন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে ১২৬ জন, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্টে ৫৭ জন এবং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন বিভাগে ২৫ জন ডিগ্রি অর্জন করেন।

এদিকে অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে সুমাইয়া আহমেদ রানীকে ‘ওআইসি গোল্ড মেডেল’ প্রদান করা হয়। এছাড়াও আশফাক সিরাজ শুভ, মুহাম্মদ সাফায়াত জামিল, খালিদ হাসান আদর, আদিবা জাহীন, ফারহান লবিব ও তাসফিয়া মাহমুদকে ‘আইইউটি গোল্ড মেডেল’ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)