ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গাজীপুরে সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি : সারা দেশে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুর সিভিল সার্জন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের মো: সানাউল্লাহ নূরী, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন প্রমুখ। এ সংক্রান্ত মূল বিষয়বস্তুর উপর বিভিন্ন তথ্য তুলে ধরেন গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সাদেকুন্নাহার ইতি। এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়নে ছিল গাজীপুর সিভিল সার্জন অফিস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুনের ক্যাম্পেইনে গাজীপুর জেলার ৫টি উপজেলায় মোট ৫ লাখ ৫৮ হাজার ৬৭৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৭১ হাজার ১৩৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৮৩৯ জন।

এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে জেলায় মোট ১ হাজার ৮৭টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। মাঠপর্যায়ে ক্যাম্পেইন পরিচালনায় ৪৯৪ জন স্বাস্থ্যকর্মী এবং ২ হাজার ১৭৪ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন বলেন, জেলার কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)