গাজীপুরে বিজ্ঞান ও উদ্ভাবন মেলা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে জেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি অন্যান্য অতিথিদের নিয়ে শিক্ষার্থীদের প্রদর্শিত প্রতিটি প্রজেক্ট ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী ভাবনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান। এছাড়া গাজীপুর সদর, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রতিটি প্রজেক্টই মানবকল্যাণের লক্ষ্য নিয়ে তৈরি, যা আমাদের প্রাত্যহিক জীবনের সাথে নিবিড়ভাবে জড়িত।” তিনি শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, ‘‘এসব উদ্ভাবনকে কীভাবে জাতীয় পর্যায়ে কাজে লাগানো যায়, সে বিষয়ে তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সাথে আলোচনা করবেন।’’

মেলায় অংশ নেওয়া প্রকল্পগুলোর গুণগত মান ও কার্যকারিতা বিবেচনা করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে যৌথভাবে প্রথম স্থান অর্জন করে কাপাসিয়া উপজেলার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কালীগঞ্জের খৈকড়া উচ্চ বিদ্যালয়। এছাড়া কালিয়াকৈরের আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল দ্বিতীয় এবং শ্রীপুরের স্বপ্নছোঁয়া উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

মেলায় জেলার ৫টি উপজেলা থেকে বাছাইকৃত এবং স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট উদ্ভাবনে শ্রেষ্ঠ হওয়া ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের অভিনব সব প্রজেক্ট প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)