গাজীপুরে ভূমিসেবা মেলা শুরু ১৯ মে

গাজীপুর প্রতিনিধি : জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা প্রশাসন আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এই মেলার আয়োজন করতে যাচ্ছে।

রবিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোহেল রানা, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আবু বকর সিদ্দিকসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা পর্যায়ের মূল মেলাটি ভাওয়াল রাজবাড়ী চত্বরের নাট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার প্রতিটি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণেও একযোগে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় জেলা প্রশাসনের এসএ শাখা, ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা, রেকর্ডরুম শাখা, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় (গাজীপুর সদর ও টঙ্গী রাজস্ব সার্কেল), জেলা সাব-রেজিস্ট্রি অফিস, জোনাল সেটেলমেন্ট অফিস এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্রসহ ভূমি সংশ্লিষ্ট সকল দপ্তরের স্টল থাকবে।

কর্মকর্তারা জানান, এই মেলার মূল লক্ষ্য হলো ভূমিসেবা সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বাড়ানো এবং নাগরিকদের সরাসরি সেবা প্রদান করা। এছাড়া অনলাইন ভূমিসেবা সিস্টেম (ষধহফ.মড়া.নফ) ও অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানে নাগরিকদের অভ্যস্ত করা এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করাও এই মেলার অন্যতম উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের পক্ষ থেকে গাজীপুরের সকল নাগরিককে এই মেলায় অংশ নিয়ে আধুনিক ও অনলাইনভিত্তিক ভূমিসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)