এমন উন্নয়ন চাই যা মানুষের জীবনকে স্পর্শ করে : ডিসি গাজীপুর

গাজীপুর প্রতিনিধি : রাষ্ট্রের প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল যেন সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলোর অগ্রগতি তুলে ধরতে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, উন্নয়ন তখনই সার্থক হয় যখন তা সাধারণ মানুষের জীবনকে সহজ ও নিরাপদ করে। খাল খনন, কৃষক সহায়তা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ রক্ষার মতো প্রতিটি পদক্ষেপ আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বাস্তবায়িত করছি। তিনি প্রশাসনের প্রতিটি স্তরে মানবিক মূল্যবোধ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ইতিবাচক সমাজ বিনির্মাণে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: শাহরিয়ার নজিরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন গাজীপুরের সিভিল সার্জন মো: মামুনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: রফিকুল ইসলাম খান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আওলাদ হোসেন প্রমুখ।

জেলা তথ্য অফিসার শামীমা নাসরিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে সরকারের জনমুখী কার্যক্রমগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)