গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের পোশাক শ্রমিকদের মাঝে স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম শুরু করেছে খাদ্য অধিদপ্তর। কর্মসূচির প্রথম দিনে সিটি করপোরেশনের টঙ্গী শিল্পাঞ্চলে এর উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। শুক্রবার দুপুরে এ উপলক্ষ্যে টঙ্গীর পাগাড় এলাকায় নোমান গ্রুপের হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি প্রধানমন্ত্রীর পূর্বঘোষণা অনুযায়ী টঙ্গীর শিল্প-কারখানার শ্রমিকদের জন্য একটি ১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল এবং আবাসন সংকট নিরসনে শ্রমিক ডরমেটরি নির্মাণের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
এছাড়া কর্মসূচির প্রথম দিনে গাজীপুর সিটি করপোরেশনের তিনসড়ক এলাকার ‘স্প্যারো অ্যাপারেলস’ কারখানার শ্রমিকদের মাঝে এই চাল বিতরণ করা হয়। কারখানার মোট ৫ হাজার শ্রমিকের মধ্য থেকে প্রথম ধাপে যাচাই-বাছাই করে ৫০০ জনকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ৩০ টাকা কেজি ধরে চাল পেয়ে খুশি শ্রমিকরা। তারা দাবি করেন, শুধু চাউল নয়; ডাল, তেল, লবণ ও আটা যেন যুক্ত করা হয়। কারখানা কর্তৃপক্ষ জানান, তাদের ৫ হাজার শ্রমিকের মধ্যে থেকে প্রথম ধাপে ৫০০ জনকে বাছাই করা হয়েছে।
প্রথম দিনে সকাল থেকেই শ্রমিকরা লম্বা লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করতে দেখা গেছে। ৩০ টাকা কেজি দরে জনপ্রতি ৩০০ টাকার বিনিময়ে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে গাজীপুরের টঙ্গী এলাকায় ৮টি ও জয়দেরপুর এলাকায় ২২টি সহ মোট ৩০টি পোশাক কারখানাকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে কারখানা ও সুবিধাভোগী শ্রমিকের সংখ্যা আরও বাড়ানো হবে।
সূত্র আরো জানায়, প্রাথমিকভাবে এই বিশেষ ওএমএস কার্যক্রম চলবে তিন মাস। এই সময়ে তৈরি পোশাকশিল্পে কর্মরত একজন শ্রমিক ৩০ টাকা কেজিতে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
