গাজীপুর প্রতিনিধি : সারাদেশের ন্যায় গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও গাজীপুর সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে শহরের শ্মশান মন্দির, শ্মশান মোড়, রাজ শ্মশানের পাড় এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে গাজীপুরে আয়োজিত অভিযানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা স্থানীয় পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে মিলে রাজ শ্মশানের পাড় ও চিলাই বিলের পাড়ে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। একইসঙ্গে এডিস মশার প্রজননস্থল ধংস ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহম্মদ হোসেন ভূঁইয়া, সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমানসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া জানান, আগামী তিন মাসের মধ্যে পরিপূর্ণভাবে জেলার আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। এ কাজে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হবে।
