গাসিকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

গাজীপুর প্রতিনিধি : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। রবিবার শহরের ছায়াবীথি সোসাইটি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রহমত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান এবং ছায়াবীথি সোসাইটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মাসুদুর রহমান।

প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো শিশুই যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রহমত উল্লাহ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ৮টি জোনের ৫৭টি ওয়ার্ডে ৪২০টি কেন্দ্রে ৯৭০ জন টিকাদানকারী ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে মোট ২ লাখ ৭৫ হাজার ৩৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৯৫৬ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ভাসমান জনগোষ্ঠী ও কর্মজীবী মায়েদের শিশুদের জন্য মোবাইল ও সান্ধ্যকালীন বিশেষ টিমের ব্যবস্থাও রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বছরে দুইবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণের মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিতকরণ, সব ধরনের শিশুমৃত্যু প্রায় ২৪ শতাংশ, হামজনিত মৃত্যুহার ৫০ শতাংশ এবং ডায়রিয়াজনিত মৃত্যুহার প্রায় ৩৩ শতাংশ পর্যন্ত হ্রাস করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)