গাজীপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি উদ্বোধন করেছেন। গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে ওই অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার এবং গাজীপুর জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”।
এ সময় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য মো: সালাহউদ্দিন আইউবী, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেনসহ অন্যরা।
বৈরী আবহাওয়া সত্ত্বেও শত শত শিশু-কিশোর ও ক্রীড়ামোদী মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। উদ্বোধনী দিনে মোট ৮টি ভিন্ন ইভেন্টে শিশু-কিশোররা তাদের প্রতিভা প্রদর্শন করে।
