ঈদযাত্রা যদি নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত হয়, সেটিই আমাদের জন্য সবচেয়ে বড় ঈদের আনন্দ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

গাজীপুর প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন, “ঈদযাত্রা যদি নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত হয়, সেটিই আমাদের জন্য সবচেয়ে বড় ঈদের আনন্দ।” তিনি বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে সড়কপথে মানুষের যাতায়াত স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে নিয়মিতভাবে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বয় সভা ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রবিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে এক গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; পরিবহন মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা অবশ্যই বাইপাইল, এলেঙ্গা, চন্দ্রাসহ এই অঞ্চলে সুশৃঙ্খল ও নির্দ্বিধায় ঈদযাত্রা নিশ্চিত করবেন।”

তিনি আরো বলেন, মহাসড়কের পাশে অস্থায়ী বাস কাউন্টার স্থাপন করে যানজট সৃষ্টি করা যাবে না এবং রাস্তার ওপর যত্রতত্র বাস রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানো থেকেও বিরত থাকতে হবে। ফিটনেসবিহীন যানবাহন কোনোভাবেই সড়কে নামানো যাবে না এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি।

সড়ক ও সেতু মন্ত্রী বলেন, সরকার পরিবহন সংশ্লিষ্টদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে আন্তরিক রয়েছে। তবে যাত্রীসেবার মান নিশ্চিত করা এবং জনগণের ভোগান্তি কমানোই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তিনি আশা প্রকাশ করেন, হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক, নিরাপদ ও যানজটমুক্ত।

গাজীপুর জেলা প্রশাসন ও বিআরটিএ গাজীপুর সার্কেল আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মজিবুর রহমান এমপি, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার মো: শরিফ উদ্দীন, গাজীপুরের হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন এবং মহাসচিব মো: সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডরেশনের সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবীর খান। এছাড়াও সভায় পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)