টঙ্গীতে ওষুধ কারখানায় অগ্নিকান্ড

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের কর্মীরা সাড়ে তিন ঘন্টার চেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বুধবার সকাল ১০টার দিকে সিটি করপোরেশনের টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড (ইউনিট-২) নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের (ইউনিট-২) চার তলা ভবনের উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানা কর্তৃপক্ষ নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে গাজীপুর, টঙ্গী, উত্তরা, মিরপুর, নারায়নগঞ্জ, ঢাকা ক্যান্টনমেন্ট, পূর্বাচল, গাজীপুরের রাজেন্দ্রপুর ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক পর্যায়ে আগুন নেভানোর কাজে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও যোগ দেন।

এ ঘটনার খবরে স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, আগুন লাগার খবর পেয়ে বিষয়টি তাৎক্ষনিকভাবে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিশেষ করে কেবিনেট ডিভিশনকে জানানো হলে তারা তরিৎ ব্যবস্থা গ্রহণ করেছেন। একই সাথে স্থানীয় প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করেছে। মানুষের জীবন রক্ষার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ বলেন, প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করেন। পর্যায়ক্রমে ২১টি ইউনিট কাজে যোগ দেয়। আগুনে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। যারা ভিতরে ছিল তাদেরকে এই প্রতিষ্ঠানের সহযোগিতায় বের করে আনা সম্ভব হয়েছে। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আগুন ডাম্পিংয়ের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)