গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে এডিস মশার বিস্তার রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সিটি কর্পোরেশন, সিভিল সার্জন অফিস এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: নূরুল করিম ভূঁইয়া। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো: আমিনুল ইসলাম, গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সানিউল কাদের, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: সোহেল রানা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহরিয়ার নজির, গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আমিনুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাজ্জাত হোসেনসহ সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে সবার উদ্দেশ্যে জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, “শনিবারের এই দিনটি সবাই নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করবেন। কারণ আপনার আঙিনা, আশপাশ, বাড়িঘর এবং রাস্তাঘাট পরিষ্কার রাখা সম্পূর্ণ আপনার নিজের দায়িত্ব।” তিনি উপস্থিত সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, “এই নাগরিক দায়িত্ব পালন করতে আমরা ব্যর্থ হলে, জীবনসংহারী ডেঙ্গু মশা আপনাকে এবং আপনার স্বজনদের শেষ করে দেবে। সুতরাং, মশা জন্মাতে পারে এমন পানি যাতে কোনোভাবেই জমে না থাকে সেদিকে কঠোর খেয়াল রাখতে হবে। নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করে নিজেকে নিরাপদ রাখুন এবং অন্যদের নিরাপদ রাখতে নাগরিক দায়িত্ব পালন করুন।”
