গাজীপুরে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ডিসি

গাজীপুর প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: নূরুল করিম ভূঁইয়া।

সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম ও প্রশাসনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

এসময় জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং মানুষের আশা-আকাঙ্খা তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যম একে অপরের সহযোগী হিসেবে কাজ করলে সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, গাজীপুর জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার মানোন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও এই সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরাও জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবামূলক উদ্যোগ এবং গণমাধ্যম-প্রশাসনের পারস্পরিক সম্পর্ক বিষয়ে মতামত ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে আন্তরিক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসন (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান, সহকারী কমিশনার মো: আরিফ হোসাঈনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও গাজীপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)