গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি সোমবার সন্ধ্যায় গাজীপুর সার্কিট হাউসে পৌঁছালে গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়াসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগতম জানান। এ সময় নবাগত জেলা প্রশাসকের সাথে তার সহধর্মীনী উপস্থিত ছিলেন। পরে সার্কিট হাউজে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) তানিয়া তাবাস্সুম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: রকিবুল হাসানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তিনি এর আগে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। ১৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
