গাজীপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গাজীপুর শুধু শিল্প নগরী নয়, এটি বাংলাদেশের গার্মেন্টের রাজধানী। এখানে লক্ষ লক্ষ মা বোনেরা ও ভাইয়েরা কাজ করে। এদেশে গার্মেন্ট শিল্পকে নিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই শিল্পের প্রসার ঘটেছিল বাংলাদেশে। এর ফলে দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তারেক রহমান বলেন, এদেশ থেকে বিদেশে শ্রমিক পাঠানোর ব্যবস্থাও শহীদ জিয়া অর্থাৎ বিএনপি সরকারই করেছিল। মেয়েদের ক্লাশ ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি শিক্ষার ব্যবস্থাও করেছিলেন খালেদা জিয়া। অর্থাৎ এদেশের খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য যদি কোন দল কাজ করে থাকে, সেটিও বিএনপি সরকার। এই শিল্পকে নিয়ে আমাদের একটা বড় পরিকল্পনা রয়েছে। গাজীপুরে যাতে আরও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয় সেই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। শ্রমিকদের অধিকার নিশ্চিত করব। ফ্যামিলি কার্ড, কৃষক ভাইদের কৃষিকার্ড প্রদান বাস্তবায়ন করব।
মঙ্গলবার রাতে গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান বলেন, গাজীপুরের মধ্যে বড় বড় কয়েকটি খাল রয়েছে সেগুলো হলো তুরাগ, লবনদহ, চিলাই। আগামী ১২ তারিখ নির্বাচন শেষে এই তিন খাল খনন শুরু করব। সাথে আপনারা থাকবেন। দূষিত পানি যাতে আর গাজীপুরে না থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এছাড়াও গাজীপুরের জয়দেবপুর রেল গেইট এলাকায় তীব্র যানজটে দুর্ভোগ থাকে। এই দুর্ভোগ লাঘবে দ্রুত এখানে ফ্লাইওভার করতে হবে। শিল্প কারখানায় মা-বোনদের নিরাপত্তার পাশাপাশি শ্রমিকদের আবাসনের জন্য কাজ করতে হবে।
তিনি আরও বলেন, চব্বিশের জুলাই আন্দোলনে গাজীপুরের মানুষের বিরাট একটা ভূমিকা রয়েছে। লাখ লাখ মানুষ রাজপথে অধিকার আদায়ে লড়াই করেছে। এই যে গণতন্ত্রের লড়াই হয়েছে সেটি রক্ষা করতে আগামী ১২ তারিখ সবাই ভোরবেলায় ভোটকেন্দ্রে যাবেন। ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে জামাত করে পড়বেন। যাতে আগে থেকেই কেউ সেখানে অবস্থান না করতে পারে। বিগত বছরে যেভাবে ভোট ডাকাতি হয়েছে এবার সেই ডাকাতি করতে দেবেন না। নিজ অধিকার নিশ্চিত করেই ফিরবেন।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকীর পরিচালনায় এ জনসভায় আরও বক্তব্য দেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু প্রমুখ।
সারাদেশে নির্বাচনি প্রচারাভিযানের অংশ হিসেবে তারেক রহমান সড়কপথে ময়মনসিংহ থেকে গাজীপুরে পৌঁছান রাত পৌনে ১২টার দিকে। মঞ্চে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানও ছিলেন।
তারেক রহমান মঞ্চে ওঠার আগে গাজীপুরের ৫টি আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন। গাজীপুরের ৫টি আসনের প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর-১ মো: মুজিবুর রহমান, গাজীপুর-২ এম মনজুরুল করিম রনি, গাজীপুর-৩ ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-৫ এ কে এম ফজলুল হক মিলন। প্রার্থীদের প্রত্যেকের হাতে ধানের শীষ তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, গাজীপুর নিয়ে আমাদের যেসব পরিকল্পনাগুলো রয়েছে এগুলো বাস্তবায়ন করতে এই প্রার্থীদের পাশে থাকবেন। তাদের বিজয় নিশ্চিত করতে হবে।
