খালেদা জিয়ার আরোগ্য কামনা করে গাজীপুরে গণ দোয়া

গাজীপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে গণ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ি ময়দানে এ গণ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি।

দুপুর থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা রাজবাড়ি ময়দানে এসে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে বিকাল তিনটার মধ্যে পুরো রাজবাড়ি ময়দান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

গণ দোয়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলী, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, আফজাল হোসেন কায়সার, এডভোকেট মেহেদী হাসান এলিস, সুরুজ আহমেদ, আব্দুস সালাম শামীম, হাসান আজমল ভূইয়া, প্রভাষক বসির উদ্দিন, রাকিবউদ্দিন সরকার পাপ্পু প্রমুখ।

দোয়ার পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের সংগ্রামের প্রতীক, একমাত্র আপোষের নেত্রী, তাঁর সুস্থতা আজ সমগ্র জাতির কামনা।

গণ দোয়া অনুষ্ঠানে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী মোনাজাত পরিচালনা করেন। তাঁর মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, জাতির শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের মিলনমেলা হয়, পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় আধ্যাত্মিক ও আবেগঘন পরিবেশ।

এর আগে বিকেলে গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের দোয়া প্রার্থনা করেন।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ খায়রুল ইসলাম

বিডি ওয়ার্ল ২৪ ডট কম (bdworld24.com)